ভাঙড় বিস্ফোরণ মামলায় নাটকীয় মোড়। শুক্রবার সকালেই জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে ‘পলাতক’ বলে ঘোষণা করেছিল। দেশ ছেড়ে পালানো রুখতে তাঁর সমস্ত নথিপত্র ও বিবরণ সীমান্তরক্ষী বাহিনী (BSF)-র হাতেও তুলে দেওয়া হয়েছিল। কিন্তু সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে ধরা পড়লেন ক্যানিং পূর্বের এই প্রাক্তন বিধায়ক। জানা গেছে, শুক্রবার তিনি যখন এনআইএ-এর কাছে আত্মসমর্পণ করতে আসছিলেন, ঠিক সেই সময়ই বারুইপুরের কাছ থেকে তাঁকে গ্রেফতার করেন আধিকারিকরা। গ্রেফতারির পর শওকতকে সরাসরি এনআইএ দফতরে নিয়ে আসা হয়েছে। নিয়মানুযায়ী তাঁর শারীরিক পরীক্ষা করানোর পর, আগামীকাল (শনিবার) তাঁকে আদালতে হাজির করানো হবে।