উৎসবের মরশুমে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। পেট্রোলের দাম বাড়ানো হল লিটার প্রতি পাঁচ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি তিন টাকা করে বাড়ানো হয়েছে। রবিবার, ১১ অক্টোবর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। তবে এই জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত সব সংস্থা নেয়নি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নিয়ন্ত্রিত জিয়ো বিপি ট্রোল-ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক বাজারে ক্রুড তেল ও অন্যান্য পরিশোধিত পণ্যের দাম বাড়ার কারণেই জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা। পেট্রোলের দাম লিটার প্রতি পাঁচ টাকা বাড়ায় এখন পেট্রোলের দাম পড়ছে ১০৯.৮০ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম পড়বে লিটার প্রতি ৯৭.৭৫ টাকা। বিভিন্ন রাজ্যে এর উপরে লোকাল ট্যাক্সও বসানো হচ্ছে। ফলে দাম আরও বাড়ছে। প্রসঙ্গত, এই নিয়ে ১০ দিনে দ্বিতীয় বেসরকারি সংস্থা পেট্রোল-ডিজেলের দাম বাড়াল। এর আগে গত ৩ অক্টোবর নায়ারা এনার্জি-ও পেট্রোলের দাম লিটার প্রতি পাঁচ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি তিন টাকা বাড়িয়েছিল।

এখনও পর্যন্ত ইন্ডিয়ান অয়েল (Indian Oil), বিপিসিএল (BPCL) ও এইচপিসিএল (HPCL) পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে।