নয়াদিল্লিঃ আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, আন্তঃরাজ্য কার্যকলাপের জন্য আগামীকাল থেকে খোলা হবে দিল্লির সীমান্ত ৷ দিল্লির সীমান্তগুলি গত সপ্তাহে সিল করে দেওয়া হয়েছিল ৷ কেজরিওয়াল বলেন, “আগামীকাল থেকে দিল্লির সীমান্তগুলি খুলে দেওয়া হচ্ছে ৷” অন্য রাজ্যের মানুষ যাতে দিল্লিতে প্রবেশ করতে না পারেন এবং আন্তঃরাজ্য কার্যকলাপ বন্ধ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ৷ তবে, জরুরি পরিষেবা চালু ছিল ৷ কেজরিওয়াল জানান, সব রেস্তরাঁ, শপিং মল ও ধর্মস্থানগুলিও আগামীকাল থেকে চালু হয়ে যাবে ৷ তবে, দিল্লির হোটেল ও ব্যাঙ্কুয়েট হলগুলি এখনই খোলা হবে না ৷ এর পাশাপাশি তিনি এও জানান, দিল্লির সরকারি হাসপাতালগুলি শুধুমাত্র দিল্লিবাসীদের জন্য পরিষেবা দেবে ৷ কেন্দ্রীয় হাসপাতালগুলিতে সকলে পরিষেবা পাবেন ৷ তিনি বলেন, “দিল্লির হাসপাতালগুলি শুধুমাত্র দিল্লিবাসীদের জন্য ৷ কেন্দ্রীয় হাসপাতালগুলি সকলের জন্য পরিষেবা দেবে ৷ জুনের শেষে দিল্লির ১৫ হাজার বেড প্রয়োজন পড়বে ৷” আজ আরও একটি বড় ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ বিভিন্ন মদের ম্যাক্সিমাম রিটেইল প্রাইসের উপর যে ৭০ শতাংশ ‘স্পেশাল কোরোনা ফি’ ধরা হচ্ছিল, তা বন্ধ করার সিদ্ধান্ত নেন তিনি ৷ এই সিদ্ধান্ত ১০ জুন থেকে কার্যকর হবে ৷

