নন্দীগ্রামের পর এ বার রেজিনগর। উপনির্বাচনের মুখে পুরোনো মামলায় গ্রেপ্তার হলেন আরও এক প্রার্থী। শনিবার বিকেলে ডোমকল থেকে রেজিনগর বিধানসভা উপনির্বাচনের নির্দল প্রার্থী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৪ সেপ্টেম্বর মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। রবিবার তাঁকে আদালতে পেশ করার কথা। নওদার বটুকনাথপুরের বাসিন্দা সাইফুল ইসলাম নির্বাচনী নথিতে নিজেকে নির্দল প্রার্থী লিখেছেন। কিন্তু তিনি আমজনতা উন্নয়ন পার্টির নওদা ব্লক সভাপতি। সূত্রের খবর, রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবি আজাদের ‘ডামি’ প্রার্থী হিসেবে তাঁকে দাঁড় করানো হয়েছিল। পুলিশের দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নওদার পাটিকাবাড়ি এলাকায় আমজনতা উন্নয়ন পার্টি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছিল। সেই মামলায় অভিযুক্ত ছিলেন সাইফুল। ওই পুরোনো মামলার সূত্রেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ডোমকল থানার সাহায্যে নওদা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্রের খবর। এই ঘটনা ঘিরে সরাসরি পুলিশের বিরুদ্ধে সরব হয়েছে আমজনতা উন্নয়ন পার্টি। রেজিনগরে দলের প্রার্থী গোলাম নবি আজাদ বলেন, ‘এই ভাবে ভোটে লড়াই করা যায় না। দলের একের পর এক কর্মীকে মিথ্যে মামলায় পুলিশ গ্রেপ্তার করছে। কোন ভরসায় মানুষ আমাদের ভোট দিতে আসবে?’ তিনি আরও বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের তরফেই কৌশলগত কারণে একাধিক ডামি প্রার্থী দাঁড় করানো হয়। সাইফুল ইসলাম আমাদের সঙ্গেই ছিলেন।’ এর আগেই নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান পুরোনো মামলায় গ্রেপ্তার হয়েছেন। তাঁকে শনিবার হলদিয়া মহকুমা আদালতে পেশ করা হলে ৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের আগে দুই কেন্দ্রেই প্রার্থীর গ্রেপ্তারি নিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।