ফের বন্যা ও ভূমিধসে বিধস্ত নেপাল ৷ গত কয়েক দিনে নেপালজুড়ে বন্যা, ভূমিধস ও বৃষ্টিজনিত অন্যান্য ঘটনায় অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন । লাগাতার বৃষ্টির ফলে নতুন করে বন্যা দেখা দিয়েছে ৷ ঘরবাড়ি ভেসে গিয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে । গত মাসে হড়পা বানের জেরে ভয়াবহ বন্যার শিকার হয় হিমালয়-ঘেরা দেশটি ৷ সেই ঘটনায় নেপালে অন্তত ১৪৫৩ জনের মৃত্যু হয়েছিল এবং পাঁচ হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ ৷ সেই বিপর্যয়ের রেশ কাটিয়ে উঠতে না উঠতে ফের বন্যা দেখা দিয়েছে ভারতের প্রতিবেশী দেশে ৷ শনিবার রাতে পালপা জেলার মাথাগধি গ্রামীণ পুরসভায় ভূমিধসে একটি বাড়ি ভেঙে পড়েছে ৷ ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন ৷ রবিবার সকালে তাঁদের দেহ উদ্ধার করা হয় । এছাড়া গত চার দিনে বন্যা, ভূমিধস, বজ্রপাত ও বৃষ্টিজনিত অন্যান্য ঘটনায় আরও ১৬ জন প্রাণ হারিয়েছেন ৷ যার ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ । গত পাঁচ দিনে দেশজুড়ে বৃষ্টির ফলে 439টি দুর্ঘটনা ঘটেছে ৷ ওই স্থানগুলি থেকে নিরাপত্তা কর্মীরা বন্যা, ভূমিধস ও জলমগ্ন হওয়া ১২৮৪ জন মানুষকে উদ্ধার করেছেন । ‘কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, লুম্বিনি প্রদেশের রুপানদেহি জেলায় শনিবার রাতে তিনাউ নদীর জল বিপদসীমা অতিক্রম করে ৷ যার ফলে বুটওয়াল এলাকায় নদীর তীরবর্তী ছয়টি বাড়ি ভেসে গিয়েছে । টানা বৃষ্টির ফলে তিনাউ নদী ও এর আশেপাশের ছোট নদীগুলির জলের স্তর বেড়ে যাওয়ায় প্রায় 200টি বাড়ি ঝুঁকির মুখে পড়ে এবং নিরাপত্তা কর্মীরা রাতারাতি প্রায় ১০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছেন । চিতওয়ান জেলায় রবিবার ভোরের দিকে নারায়ণী নদী ও রিউ নদীর জল বিপদসীমা অতিক্রম করে । দেবঘাটে নারায়ণী নদীর জলের স্তর 9.23 মিটারে পৌঁছয় (বিপদসীমা 9 মিটার) ৷ অন্যদিকে, রিউ নদীর জলের স্তর বেড়ে 3.92 মিটারে গিয়ে দাঁড়ায় (বিপদসীমা 3.8 মিটার) । ভারী বৃষ্টির কারণে চিতওয়ানের বেশ কয়েকটি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে ৷ যার ফলে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় ৷ এছাড়া কর্নালি প্রদেশের জাতীয় সড়কগুলিতেও ভূমিধসের ফলে যান চলাচল ব্যাহত হয় । শনিবার নারায়ণী ও সপ্তকোশী নদীর জল উপচে নাওয়ালপরাসি পশ্চিম ও সপ্তরি জেলার 389টি বাড়ি প্লাবিত হয় ৷ যার ফলে শত শত পরিবার নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয় । লাগাতার বৃষ্টিপাত হতে থাকায় বন্যা ও ভূমিধস-প্রবণ এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্য়েশ দিয়েছে কর্তৃপক্ষ ।

