খান স্যারের কোচিংয়ের বাইরে গুলি ৷ মঙ্গলবার রাতে চাঞ্চল্য ছড়াল পটনার মুসাল্লাপুর হাটের কাছে ৷ এখানেই রয়েছে জনপ্রিয় শিক্ষাবিদ ফয়সাল খানের কোচিং ইনস্টিটিউট ৷ তার বাইরে গুলি চালানোর ঘটনা ঘটে এদিন । যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে গুলি চালানোর এই ঘটনার কথা নিশ্চিত করেনি ৷ তবুও খান স্যার দাবি করেছেন যে, তিনি 8 থেকে 10 রাউন্ড গুলির শব্দ শুনেছেন ৷ পাশাপাশি তিনি অভিযোগ করেছেন যে, কোনও প্রতিদ্বন্দ্বী কোচিং সেন্টার এই হামলার পিছনে জড়িত থাকতে পারে । এই হামলায় কোচিং সেন্টারের নিরাপত্তারক্ষী আহত হয়েছেন ৷ তবে গুলির আঘাতে নয়, বরং দুষ্কৃতকারীরা তাকে বেধড়ক মারধর করায় তিনি আঘাতপ্রাপ্ত হন বলে অভিযোগ করা হয়েছে । মাথায় আঘাত পাওয়ার পর চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । খান স্যার দাবি করেছেন যে, তাঁর কোচিং ইনস্টিটিউটের বেশ কয়েকজন শিক্ষার্থী সম্প্রতি বিহার পুলিশ নিয়োগ পরীক্ষায় নির্বাচিত হয়েছেন ৷ আর এই বিষয়টিই প্রতিদ্বন্দ্বী কিছু কোচিং ইনস্টিটিউটকে ক্ষুব্ধ করেছে । তিনি অভিযোগ করেন যে, তিনি ক্রমাগত হুমকির সম্মুখীন হচ্ছিলেন, যার পরিণতি হিসেবেই এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে । মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাটনা-ভিত্তিক এই শিক্ষাবিদ বলেন, “আমাদের ঠিক পাশেই একটি কোচিং সেন্টার রয়েছে । গভীর রাতে কয়েকজন লোক কোচিং সেন্টারের প্রাঙ্গণে এসে দু’দিনের মধ্যে সেটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় । আমাদের নিরাপত্তারক্ষী এর প্রতিবাদ জানালে তাঁকে মারধর করা হয় এবং তিনি গুরুতর আহত হন ।” প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে খান বলেন, “ওরা মনে করে ওরা আমাদের দমিয়ে রাখতে পারবে । হামলাকারীরা আমাদের অফিসটি সম্পূর্ণভাবে ভাঙচুর করেছে এবং গুলি চালিয়েছে । আমি 10 রাউন্ড গুলি চলতে দেখেছি । সিসিটিভি ফুটেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে । আমাদের নিরাপত্তারক্ষীও হামলাকারীদের শনাক্ত করেছেন ।” তিনি দাবি করেন যে, অল্প ফি-তে শিক্ষা প্রদান করার কারণেই তাঁর কোচিং সেন্টারটিকে টার্গেটে পরিণত করা হয়েছে । তাঁর কথায়, “মূল সমস্যাটি সম্ভবত এই যে আমরা কেন এত কম ফিতে পড়াচ্ছি ? কেন আমরা এত বিপুল সাফল্য পাচ্ছি ? আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যেন তারা নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং মনে রাখেন যে, দরিদ্রদেরও শিক্ষার অধিকার রয়েছে । যখন হাজার হাজার শিক্ষার্থী সাফল্য পায়, তখন কিছু অসামাজিক চক্র নিজেদের অস্তিত্ব সংকটে পড়েছে বলে মনে করে । ওরা ভাবে আমাদের দমিয়ে রাখতে পারবে ।”