পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেয়েই একের পর এক বৈঠক করে ‘শক্তি প্রদর্শন’ শুরু করেছিলেন সিধু। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর আপত্তি সত্ত্বেও কংগ্রেস হাইকমান্ড সিধুকে পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির পদে বসিয়েছিল। সিধুর লক্ষ্য মুখ্যমন্ত্রীর পদ। ফলে রাজ সভাপতির পদে বসার সুযোগ পেয়েই এবার মুখ্যমন্ত্রীকেই চ্যালেঞ্জ জানিয়ে বসলেন নভজ্যোত সিং সিধু ।বুধবার লাক্সারি বাসে চড়িয়ে রাজ্যের ৬২ জন কংগ্রেস বিধায়ককে অমৃতসর স্বর্ণমন্দির দর্শন করাতে নিয়ে গেলেন নভজোৎ সিংহ সিধু। কিন্তু এই কর্মসূচিতে দেখা গেল না পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ বা তাঁর ঘনিষ্ঠ কংগ্রেস নেতা-মন্ত্রীদের। এরই মধ্যে সিধু শিবির অমরেন্দ্র সিংহের কাছে ক্ষমা চাওয়ার সম্ভাবনাও খারিজ করে দিয়েছে। সিধু ঘনিষ্ঠ কংগ্রেস বিধায়ক পরাগত সিংহ বুধবার বলেন, ‘‘কেন সিধু ক্ষমা চাইবেন। এটি কোনও জনস্বার্থ সম্পর্কিত বিষয় নয়। বরং মুখ্যমন্ত্রীর উচিত প্রতিশ্রুতি পূরণ করতে না পারার জন্য জনতার কাছে ক্ষমা চাওয়া। সিধু ঘনিষ্ঠ মন্ত্রী সুখজেন্দ্র সিংহ রণধাওয়া এবং রাজেন্দ্র সিংহ বাজওয়াও বুধবার অমরেন্দ্রকে অহংবোধ বিসর্জন দেওয়ার আহ্বান জানিয়েছেন।