পুজো প্যান্ডেলে ডিজে বাজালেই কড়া ব্যবস্থা । পুজো কমিটিগুলোকে নিয়ে বৈঠকে মঙ্গলবার এমনই বার্তা দেওয়া হল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে । এদিন জলপাইগুড়ি সদর মহকুমাশাসকের দফতর থেকে জলপাইগুড়ি ও ময়নাগুড়ি পুরসভা এলাকার পুজো কমিটিগুলোকে নিয়ে বৈঠক করা হয় । প্রত্যেককে সরকারি নির্দেশিকা মেনে পুজো করার কথা বলা হয় । ইলেকট্রিকের তারের পাশে যাতে প্যান্ডেল না করা হয় সেই বার্তাও দেওয়া হয় । এছাড়াও প্যান্ডেলের আশেপাশে কোনওভাবেই যাতে খাওয়া দাওয়া বা রান্না করা না হয় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে । যাতে কোনওরকম অসতর্কতাবশত রান্নার থেকে দুর্ঘটনা না ঘটে । হকারদের প্যান্ডেল দূরে বসাতে হবে । অন্যদিকে, পুজো প্যান্ডেলে ঢোকা ও বেরনোর ক্ষেত্রে এন্ট্রি ও এক্সিট দুটো গেট করতে হবে । বাইরে বের হবার গেট বড় করতে হবে । এছাড়াও অগ্নিনির্বাপণের জন্য প্যান্ডেলের পাশেই জলের ব্যবস্থা রাখতে হবে ।
এদিন জলপাইগুড়ি কোতয়ালি থানার আইসি মৌমন চক্রবর্তীর বক্তব্য অনুযায়ী,…
- পুজোতে পুলিশ পেট্রোলিং, বাইক পেট্রোলিং করা হবে ।
- ভুলভ্রান্তি হলেও গুজবে কান দেবেন না ।
- লক্ষ্মীপুজোর আগে দুর্গাপ্রতিমা বিসর্জন দিতে হবে ।
- পুজো মণ্ডপে ডিজে কেউ বাজাবেন না । সরকারি নির্দেশ অমান্য করে কেউ ডিজে বাজালে আমরা ব্যবস্থা নেব । আমরা সাউন্ডের ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করব তাদেরও বলে দেওয়া হবে । যাতে কোনওভাবেই ডিজে ভাড়া দেওয়া না হয় ।
- আমরা পুজোর সময় কোনও ঝামেলা চাই না । কোনও পুজো কমিটি যাতে পুজোয় চাঁদা নেবার ক্ষেত্রে জুলুম না করে সেদিও নজর রাখবে পুলিশ ।
- বাজি পোড়ানোর ক্ষেত্রেও অনুমোদিত সবুজ বাজি ব্যবহার করতে হবে ।
এই বিষয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট কিনলে ভুটিয়া বলেন, “পুজো প্যান্ডেলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে । জঞ্জাল সাফাইয়ের ম্যানেজমেন্টে আমাদের বড় সমস্যা হয় । পুজো প্যান্ডেলের ধারেকাছে আবর্জনা রাখা যাবে না ৷ এই বিষয়টি নিয়ে পুজো কমিটিগুলিকে সহযোগিতা করবে পুরসভা ৷”

