ভোট-পরবর্তী হিংসা নিয়ে এবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ এই নিয়ে মঙ্গলবার রাজ্য় সরকারকে নোটিস দিল শীর্ষ আদালত ৷ গত ২ মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় ৷ তার পর থেকে বিজেপি কর্মী-সমর্থকদের উপর অত্যাচার হচ্ছে বলে গেরুয়া শিবিরের তরফে অভিযোগ ৷ তাদের দাবি, একাধিক বিজেপি কর্মীকে খুন করা হয়েছে ৷ শাসক দলকেই এই নিয়ে অভিযুক্ত করা হয় ৷ তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি ৷ শীর্ষ আদালতের কাছে তাদের আবেদন, বিধানসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর থেকে যে বিজেপি কর্মীরা মারা গিয়েছেন, সেই নিয়ে তদন্ত করতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করার নির্দেশ দেওয়া হোক ৷ মঙ্গলবার ওই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের তরফে নোটিস দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারকে ৷  ভোট পরবর্তী অশান্তিতে তবে শুধু বিজেপি নয়, অনেক তৃণমূল কর্মীরও প্রাণ গিয়েছে। ফল প্রকাশের পরে পরেই বর্ধমানের তৃণমূল কর্মী খুনের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধেও। সমগ্র ভোট-পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাই কোর্টেও মামলা হয়েছিল। তাতে রাজ্যের তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রীর তত্‍পরতায় সবকটি ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে সরকার। তাতে সন্তুষ্ট হয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে এদিন রাজ্যের হলফনামা চাইল সুপ্রিম কোর্ট।