১২ ঘণ্টার মধ্যে পরপর দু’বার তীব্র কম্পন অনুভূত হল মিজোরামে। রবিবার বিকেলের পর ফের সোমবার ভোররাতে। দু’টোর কম্পনমাত্রাই রিখটার স্কেলে পাঁচের বেশি। প্রথমে ক্ষয়ক্ষতি বোঝা না গেলেও পরে জানা গিয়েছে বেশকিছু ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এই রাজ্য। জানা গিয়েছে, একের পর এক বাড়িতে বড় ফাটলের পাশাপাশি রাস্তাতেও বড়বড় ফাটল দেখা দিয়েছে। তবে প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছেন, রাজ্যের এই কঠিন মুহূর্তে কেন্দ্র তাদের পাশে থাকবে। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সঙ্গে কথা বলে সবরকম সাহায্য করার আশ্বাসও দিয়েছেন মোদি। সেকথা খোদ টুইটারে তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা টুইট করেছেন, ‘১২ ঘণ্টার মধ্যে দু’বার তীব্র মাত্রায় কম্পন হয়েছে মিজোরামে।বিধায়ক ও সংশ্লিষ্ট জেলাশাসকেরা সমস্ত ক্ষয়ক্ষতির পরিমাণের হিসেব দেওয়ার দায়িত্বে নেমে পড়েছেন। ভাগ্যবশত, এখন পর্যন্ত কোনও প্রাণহানি হয়নি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ পাশে থাকার আশ্বাস দেওয়ার জন্য।’

