দীর্ঘ ৭ হাজার কিমি পথ পেরিয়ে হরিয়ানার অম্বালায় বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করল রাফাল যুদ্ধবিমান । প্রায় ৪ বছর আগে ফ্রান্স সরকারের সঙ্গে ভারতের ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি হয় ৫৯ হাজার কোটি টাকায়। সেই চুক্তির প্রথম ৫টি রাফাল এসে পৌঁছল এদিন দুপুরে । রাফালের অবতরণ ঘিরে কড়া নিরাপত্তায় মোড়া আম্বালায় বায়ুসেনার বিমানঘাঁটি । রাফালের অবতরণে নিরাপত্তার কোনও ফাঁক রাখা হয়নি। বিস্তীর্ণ অঞ্চল ঢেকে ফেলা হয়েছে সতর্কতার মোড়কে। আশে পাশের চারটি গ্রামে জমায়েতে নিষেধাজ্ঞা। সকাল থেকেই জারি ১৪৪ ধারা । কোনও রকম ছবি তোলা, ভিডিও করায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। রাফালকে স্বাগত জানিয়ে সংস্কৃতে টুইট করলেন প্রধানমন্ত্রী। টুইটে রাফালের উদ্দেশে তিনি লেখেন, “রাষ্ট্রের সুরক্ষাই পুণ্য, রাষ্ট্রের সুরক্ষাই ব্রত, রাষ্ট্রের সুরক্ষাই যজ্ঞ ।”