টিভিতে কোনও অনুষ্ঠান বা সংবাদ যদি হিংসায় উস্কানি দেয়, সরকারকে সক্রিয় হয়ে তা বন্ধ করতে হবে। বৃহস্পতিবার এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতিরা বলেন, সংবাদ পরিবেশন নিয়ে যে আইন আছে, তা কঠোরভাবে প্রয়োগ করা উচিত। বিচারপতি বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা করতে হলে হিংসায় উস্কানি দেওয়া বন্ধ করা দরকার। কিন্তু সরকার এ ব্যাপারে কিছুই করছে না।’ টিভিতে নানা অনুষ্ঠানের মাধ্যমে হিংসা ছড়ানো নিয়ে কয়েক বছর ধরেই বিতর্ক চলছে। এদিন এসম্পর্কে একটি পিটিশন শোনে তিন বিচারপতির একটি বেঞ্চ। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন ওই বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি এ এস বোপান্না ও বিচারপতি ভি রামসুব্রমনিয়াম। গতবছর দিল্লিতে তবলিগি জামাতের সভা নিয়ে যেভাবে বিভিন্ন চ্যানেলে রিপোর্টিং করা হয়েছিল, তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে জামায়েত উলেমা ই হিন্দ, পিস পার্টি ও আরও কয়েকটি সংগঠন। তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার, প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া ও ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশনকে নোটিশ দেয়। আবেদনকারীদের বক্তব্য ছিল, বিভিন্ন চ্যানেল সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে তবলিগি জামাতের সমাবেশের রিপোর্টিং করেছে। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি আদালতে বলেন, কয়েকটি ক্ষেত্রে টিভির আপত্তিকর অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি বলেন, ‘সরকার ওই ধরনের অনুষ্ঠান বন্ধ করার জন্য কোনও ব্যবস্থা নেয়নি। যে কোনও সম্প্রদায়ের বিরুদ্ধেই বিদ্বেষ ছড়ানো হতে পারে।’
উস্কানিমূলক টিভি প্রোগ্রাম বন্ধ করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Byবঙ্গনিউজ
Jan 28, 2021
