ওড়িশা-ছত্তিশগড় সীমান্তে মাও হামলায় শহিদ তিন সিআরপিএফ জওয়ান। মৃতদের মধ্যে দু’জন সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর। সূত্রের খবর, মঙ্গলবার ওড়িশার নুয়াপাড়া জেলায় সিআরপিএফ টহলদারি চলাকালীন হামলা চালায় দুষ্কৃতীরা। মাওবাদী উপদ্রুত জঙ্গলঘেরা পাহাড়ি এলাকায় টহলদারি চালাচ্ছিল সিআরপিএফ জওয়ানরা। তখনই অতর্কিতে হামলা চালায় নকশালরা। সেসময় টহলদারি ছিলেন ৭ জন জওয়ান। তাঁরা মাওবাদীদের পালটা দেন। ওড়িশা পুলিশ সূত্রে জানানো হয়েছে, এদিন দুপুর আড়াইটে নাগাদ এই হামলা হয়। তারপর সন্ধে পর্যন্ত গুলির লড়াই চলেছে। নিহত জওয়ানদের অস্ত্রশস্ত্রও মাওবাদীরা লুঠ করেছে। শহিদ তিন সিআরপিএফ জওয়ানের মধ্যে দু’জন সাব ইন্সপেক্টর। মৃতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে ওড়িশা সরকার।