লাথিতে বৃদ্ধের মৃত্যু৷ এই গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন উত্তর ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর৷ ধৃত ওই কাউন্সিলরের নাম রবিন ভট্টাচার্য৷ তিনি উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর৷ আগামিকাল তাঁকে ব্যাারাকপুর আদালতে পেশ করবে পুলিশ। গ্রেফতারির পরেই অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে শাসক দলও৷ ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক জানিয়েছেন, ৬ বছরের জন্য অভিযুক্ত কাউন্সিলরকে সাসপেন্ড করেছে দল৷ গতকাল শনিবার একটি বেআইনি নির্মাণকে কেন্দ্র করে উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের মণিরামপুর এলাকায় গন্ডগোলের সৃষ্টি৷ বেআইনি নির্মাণে বাধা দেন স্থানীয় কয়েকজন বাসিন্দা৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য৷ ঘটনাস্থলে গিয়ে হেমন্ত অধিকারী নামে প্রতিবাদী এক যুবককে তিনি মারধর করেন বলে অভিযোগ৷ ছেলেকে মার খেতে দেখে তৃণমূল কাউন্সিলরকে বাধা দিতে আসেন হেমন্ত অধিকারীর বাবা ৮১ বছরের বৃদ্ধ তুলসী অধিকারী৷ অভিযোগ, তখন ওই বৃদ্ধকেও লাথি মারেন তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ৷ সঙ্গে সঙ্গে জ্ঞান হারান ওই বৃদ্ধ৷ ব্যারাকপুর ক্যান্টমেন্ট হাসপাতালে নিয়ে গেলে ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ যদিও গতকাল বৃদ্ধকে মারধরের কথা অস্বীকার করেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর৷


