২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে আজ, বিকেল ৪টে নাগাদ তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । একুশের নির্বাচনের মতো আসন্ন ভোটযুদ্ধেও শাসক দলের বিশেষ কিছু ভোটকৌশল ও চমক থাকতে পারে বলে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক মহল। তাই আজকের এই ঘোষণার দিকে কড়া নজর রয়েছে সব পক্ষের। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ক্ষমতায় ফেরানোর পিছনে অন্যতম বড় ভূমিকা পালন করেছিল ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। আসন্ন নির্বাচনের আগে ইতিমধ্যেই সেই প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। পাশাপাশি সামনে আনা হয়েছে নতুন ‘যুবসাথী’ প্রকল্পের প্রতিশ্রুতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের চূড়ান্ত ইস্তেহারে নতুন কোনও জনকল্যাণমূলক সামাজিক প্রকল্পের ঘোষণা থাকে কি না, সেটাই এখন দেখার বিষয়। ২০২৬-এর ভোটযুদ্ধে ক্ষমতা ধরে রাখতে এই ইস্তেহার কতটা কার্যকরী হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। ইস্তেহার প্রকাশের পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র ভবানীপুর নিয়েও বিশেষ রণকৌশল সাজিয়েছে শাসক দল। তৃণমূলের ভোট যুদ্ধের রণকৌশল চূড়ান্ত করতে বৃহস্পতিবার দুপুরে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং ভবানীপুর বিধানসভার আটটি ওয়ার্ডের কাউন্সিলর ও বিএলএ-রা এই বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, আসন্ন নির্বাচনে ভবানীপুরে শাসক দলের প্রচারের মূল স্লোগান হতে চলেছে- ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’।

