বিজেপিতে যোগ দেওয়া ইস্তক তৃণমূলের দুর্নীতি নিয়ে বারবার উচ্চস্বরে আক্রমণ শানাচ্ছেন বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই মধ্যে নারদ মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়দের গ্রেফতারি পর শুভেন্দুর গ্রেফতারির দাবিতেও সরব হয় তৃণমূল। যদিও শুভেন্দুকে গ্রেফতারি তো দূর, বরং ওই ঘটনায় বিজেপির প্রভাব খাটানোর অভিযোগ উঠছে বারবার। এই পরিস্থিতি বৃহস্পতিবার নারদ মামলায় সিবিআই-এর আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহেতার সঙ্গে দিল্লিতে শুভেন্দু অধিকারী বৈঠক করেন। তারপরই গর্জে ওঠেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, সাংসদ ডেরেক ও ব্রায়েনরা। নারদ মামলায় একজন অভিযুক্তের সঙ্গে সিবিআই-এর আইনজীবী তথা দেশের সলিসিটর জেনারেল কীভাবে বৈঠক করতে পারেন, তা নিয়ে সরব হওয়ার পর এবার সলিসিটর জেনারেল পদ থেকে তুষার মেহেতাকে সরিয়ে দেওয়ার দাবি তুলল তৃণমূল। শুধু তাই নয়, ইতিমধ্যেই তৃণমূলের তরফে চিঠি পাঠানো হয়েছে স্বরং নরেন্দ্র মোদিকে।

