ইপিএফও-র (EPFO) নিয়মে আসছে বড় বদল। শ্রম মন্ত্রকের প্রস্তাব মেনে নিয়ে বেতনের সীমা বাড়ানোয় অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পিএফ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বেতনের সীমা ১৫ হাজার থেকে বাড়িয়ে করা হল ২৫ হাজার। এর আগে ২০১৪ সালে সীমা বাড়িয়ে ১৫ হাজার করা হয়েছিল। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইপিএফওর ক্ষেত্রে ওয়েজ লিমিট বা বেতনের সীমা অপরিবর্তিত ছিল। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে সেই সীমা বাড়িয়ে ১৫০০০ করা হয়। একইভাবে এবার আরও ১০,০০০ টাকা বাড়ানো হল। এই কয়েক বছরে বিভিন্ন সেক্টরে কর্মীদের যে বেতন বেড়েছে, আয় বেড়েছে, তার উপর ভিত্তি করেই এই অনুমোদন দিল মন্ত্রিসভা। বর্তমানে কর্মীরা ১৫ হাজারের বেশি বেতন পেলে, তাঁদের ক্ষেত্রে ইপিএফও বাধ্যতামূলক নয়। পিএফ, পেনশন বা বিমা সুরক্ষার আওতায় নাও থাকতে পারেন সেই কর্মীরা। এবার সেই মাত্রা হল ২৫ হাজার। ফলে ২৫ হাজার টাকা পর্যন্ত বেতন পেলে বাধ্যতামূলকভাবে পিএফ অ্যাকাউন্ট খুলতে হবে। তার উপরের বেতনের ক‍্যাটাগরির জন‍্য পিএফ অ্যাকাউন্ট খোলা বাধ‍্যতামূলক নয়। বিশ্বকর্মা পুজোর দিন থেকেই এই নতুন নিয়ম লাগু হতে চলেছে। এই নিয়মের বদলে সংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক সুরক্ষায় বড় প্রভাব পড়বে। আরও বেশি সংখ্যক কর্মী পেনশন বা বিমা সুরক্ষার আওতায় আসবেন। ফলে অবসর পরবর্তী সময়ের জন্য কর্মীদের সুরক্ষা নিশ্চিত হতে চলেছে।