নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে রাজি কেন্দ্রীয় সরকার ৷ বুধবার বেলা ১২টা নাগাদ লোকসভায় এ কথা জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ৷ সংসদের সমস্ত দলের নেতাদের সঙ্গে কথা বলে আলোচনার দিন ঠিক করতে স্পিকারকে ওম বিড়লাকে বললেন রিজিজু ৷ বিরোধী শিবিরের তরফ থেকে কংগ্রেসের কেসি বেণুগোপাল এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদবও জানান তাঁরা চর্চা চান ৷ স্পিকার ওম বিড়লাও জানিয়েছেন সরকার খোলা মনে আলোচনা চেয়েছে ৷ সকলের সঙ্গে আলোচনা করে বাকিটা ঠিক হবে ৷ গত কয়েকদিন ধরে এই দাবিকে সামনে রেখেই কেন্দ্রের উপর ক্রমশ চাপ বাড়াচ্ছিল বিরোধীরা ৷ শেষমেশ দাবি মেনে নিল সরকার ৷ এদিন সকালে স্পিকারের সঙ্গে দেখা করেন রিজিজু ৷ সেখানেও এ নিয়ে চর্চা হয়েছে ৷ আরও আগে এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সোনম ওয়াংচুককে জানিয়েদেন সরকার সংসদে আলোচনা করতে রাজি ৷ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তিনি শর্ত দিয়েছিলেন, সরকার সংসদের বাদল অধিবেশনে শিক্ষা দুর্নীতি সংক্রান্ত বিষয়ে আলোচনায় রাজি থাকলে অনশন প্রত্যাহার করবেন ৷ এবার কবে তিনিি অনশন প্রত্যাহার করেন নাকি অন্য কোনও শর্ত দেন সেটাই এখন দেখার ৷ নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী বলেন, “সরকার তিন দিন ধরে আলোচনায় রাজি ৷ কিন্তু সংসদে আলোচনা করতে হলে একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে করতে হয় ৷ কবে আলোচনা হবে, কতক্ষণ ধরে চর্চা হবে সেটা সকলের সঙ্গে আলোচনা করে স্পিকার ঠিক করবেন ৷”
আলোচনায় সম্মত হলেও কেন্দ্রীয় প্রশাসনকে কড়া আক্রমণ করে অখিলেশ বলেন, “আন্দোলনরত ছাত্রদের মারধর করা হয়েছে ৷ ছাত্রীদের পোশাক পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে ৷ এই ঘটনা কি আমরা বরদাস্ত করব ? প্রধানমন্ত্রী এ সমস্ত বিষয় নিয়ে কথা বলেন না ৷ বাইরে গিয়ে দেশের যুবকদের নিয়ে কথা বলেন ৷ কিন্তু সংসদে কিছু বলেন না ৷ প্রধানমন্ত্রী আগে এসব নিয়ে কথা বললে আমাদের ওঁর বাড়ির সামনে ধর্না দিতে হত না ৷” কংগ্রেসের কেসি বেণুগোপাল বলেন, “গোটা দেশ এখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় ৷ আমাদেরও এটাই দাবি ৷”

