রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারত ও চিন-সহ পাঁচটি দেশের উপর 100 শতাংশ শুল্ক আরোপের লক্ষ্যে বিল উথ্থাপিত হল মার্কিন সেনেটে ৷ 60 জনেরও বেশি আইনপ্রণেতার সমর্থনে উত্থাপিত এই বিলে অবশ্য মস্কোর কাছ থেকে গ্যাস কেনা ইউরোপীয় দেশগুলিকে ছাড় দেওয়া হয়েছে । বৃহস্পতিবার উত্থাপিত এই বিলটির খসড়া তৈরি করেছেন ডেমোক্র্যাটিক সিনেটর রিচার্ড ব্লুমেনথাল এবং প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম । রাশিয়ার রাজনৈতিক নেতৃত্ব, আর্থিক প্রতিষ্ঠান, জ্বালানি খাত এবং নিষেধাজ্ঞা এড়ানোর নেটওয়ার্কগুলির উপর বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অর্থ জোগান থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বঞ্চিত করাই এই বিলের লক্ষ্য ।
ব্লুমেনথাল মঙ্গলবার জানিয়েছিলেন যে, প্রস্তাবিত এই আইনের লক্ষ্য হল রাশিয়া থেকে তেল কেনা শীর্ষ পাঁচটি দেশের— চিন, ভারত, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজানের উপর 100 শতাংশ শুল্ক আরোপ করা ।সেনেটে উত্থাপিত বিলের বয়ান অনুযায়ী, যেসব দেশ রাশিয়া থেকে অপরিশোধিত তেল বা প্রাকৃতিক গ্যাস আমদানির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ পাঁচটি ক্রেতার তালিকায় রয়েছে অথবা রুশ তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করার ক্ষেত্রে শীর্ষ পাঁচের মধ্যে রয়েছে, তাদের আমদানির উপর শুল্ক আরোপ করা হবে । তবে যেসব দেশের ক্ষেত্রে রাশিয়া থেকে আমদানিকৃত প্রাকৃতিক গ্যাসের পরিমাণ রাশিয়ার মোট প্রাকৃতিক গ্যাস রফতানির 15 শতাংশের কম এবং যারা এই আমদানি কমানোর জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে মূলত ইউরোপীয় দেশগুলি— তাদের এই বিলের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে । এতে আরও বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিকে প্রতি 180 দিন অন্তর শীর্ষ পাঁচটি ক্রেতা দেশ সম্পর্কে পুনরায় মূল্যায়ন করতে হবে এবং ক্রয়ের ধরনে পরিবর্তনের উপর ভিত্তি করে শুল্কের হার সমন্বয় করতে হবে । প্রস্তাবিত এই আইনে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুল্লি ও চিকিৎসা সংক্রান্ত আইসোটোপের প্রয়োজনে রাশিয়া থেকে ইউরেনিয়াম কেনার বিষয়টি ছাড়ের আওতায় রাখা হয়েছে । এছাড়া পারমাণবিক ও মহাকাশ খাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যেকার সহযোগিতামূলক কার্যক্রমকেও এর আওতামুক্ত রাখা হয়েছে । ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট অফ 2026’ (Lindsey O Graham Sanctioning Russia Act of 2026) নামের এই বিলটি প্রয়াত সিনেটর গ্রাহামের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি । উল্লেখ্য, গ্রাহাম গত শনিবার মারা করেন । বিলটির আগের একটি খসড়ায় রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলির উপর 500 শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছিল । আইন হিসেবে পাস হলে এটি হবে এমন প্রথম ঘটনা, যেখানে মার্কিন কংগ্রেস অন্য কোনও দেশের যুদ্ধ প্রচেষ্টায় অর্থায়নকারী দেশগুলিকে শাস্তি দেওয়ার লক্ষ্যে ভূ-রাজনৈতিক হাতিয়ার হিসেবে শুল্ক ব্যবহারের বিষয়টি স্পষ্টভাবে অনুমোদন করবে । বাধ্যতামূলক শ্রম বা জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদিত পণ্যের আমদানি রোধে ব্যর্থতার অভিযোগে গত মাসে যুক্তরাষ্ট্র ভারত-সহ 54টি দেশের উপর 12.5 শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছিল ।

