নয়াদিল্লিঃ বন্ধ হচ্ছে নাইট কারফিউ । ৫ অগাস্ট থেকে খুলবে জিম । খুলে যাবে যোগ প্রশিক্ষণ কেন্দ্রও। তবে আগের মতোই বন্ধ থাকবে স্কুল, কলেজ, কোচিং সেন্টার ও সিনেমাহলগুলি। যে কোনও ধরনের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় জমায়েতের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে আগের মতোই ৷ আনলক ৩-এর গাইডলাইন প্রকাশ করে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ সামনেই ১৫ অগাস্ট । এবারের স্বাধীনতা দিবস সামাজিক দূরত্ববিধি ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পালন করা হবে ৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ২১ জুলাই যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তা মেনে চলতে হবে । আনলকের ৩-তে বন্দেভারত মিশনের আওতায় সীমিত কিছু আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু থাকবে ।
একনজরে দেখে নেওয়া যাক কী কী বন্ধ থাকছে আনলক ৩-তে
- মেট্রো রেল পরিষেবা আগের মতোই বন্ধ ।
- সিনেমা হল, সুইমিং পুল, বিনোদনমূলক পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম, সভাগৃহ ও সমতুল্য অন্য জায়গাগুলিও বন্ধ থাকছে ।
- সামাজিক, রাজনৈতিক, খেলাধুলো, বিনোদন, স্কুল-কলেজ শিক্ষাক্ষেত্র, সাংস্কৃতিক ও ধর্মীয় জমায়েত আগের মতোই বন্ধ থাকবে ।
দেখে নিন স্বরাষ্ট্রমন্ত্রকের সেই নির্দেশিকা –









