শেষমেশ লখিমপুর খেরির ঘটনায় অভিযুক্ত আশিস মিশ্রকে সমন পাঠাল উত্তর প্রদেশ পুলিশ ৷ অভিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের ছেলে ৷ গতকাল আশিস মিশ্রকে 8 অক্টোবর পুলিশের সামনে হাজিরা দেওয়ার নোটিস তার বাড়ির দরজায় সেঁটে দিয়ে এসেছে পুলিশ ৷ আশিসকে ডেকে পাঠানো কথা জানিয়েছেন আইজি লক্ষ্মী সিং ৷ তিনকোনিয়া পুলিশ স্টেশনে আশিস মিশ্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩০২ (খুন) ধারায় এফআইআর করা হলেও গতকালের আগে অবধি তাকে গ্রেফতার করা হয়নি ৷ ৩ অক্টোবরের লখিমপুর কাণ্ডে ৮ জনের মৃত্যু হয়, তার মধ্যে ৪ জন কৃষক ৷ এ নিয়ে তোলপাড় দেশের রাজনীতি ৷ গতকাল সুপ্রিম কোর্টও স্বতঃপ্রণোদিত মামলার প্রথম দিনের শুনানিতে প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে

গঠিত ৩ সদস্যের বেঞ্চ উত্তর প্রদেশ সরকারকে জিজ্ঞাসা করে, কতজন অভিযুক্ত এবং তাদের মধ্যে ক’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এরপরেই তড়িঘড়ি অভিযুক্ত আশিস মিশ্রকে সমন পাঠায় উত্তর প্রদেশ পুলিশ ৷ আর আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে যোগী সরকারকে ৷ এমনকি লখিমপুর শহরে রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের বাড়ির দরজাতেও বৃহস্পতিবার একটি নোটিস লাগিয়ে দিয়ে এসেছে উত্তর প্রদেশ পুলিশ ৷ ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ২৭৯, ৩৩৮, ৩০৪এ, ৩০২ এবং ১২০বি ধারায় আশিসকে নোটিস পাঠিয়েছে পুলিশ। সেই নোটিসে সিআরপিসি ১৬০ ধারার উল্লেখ করে তাঁকে জানানো হয়েছে, তাঁর ছেলে আশিস যেন শুক্রবার সকাল ১০টা নাগাদ লখিমপুরের পুলিশ লাইনে অপরাধ দমন দফতরে মৌখিক, লিখিত অথবা ডিজিটাল প্রমাণ সহ হাজিরা দেয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত পুলিশ লবকুশ রানা এবং আশিস পান্ডে নামের ২ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷