প্রয়াত বিশিষ্ট অভিনেতা ভরত কাপুর। বয়স হয়েছিল ৮০। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। অভিনেতা অবতার গিল তাঁর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। সোমবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে মুম্বইয়ে। রেখে গেলেন স্ত্রী লোপা এবং দুই পুত্র রাহুল ও সাগরকে। তাঁর কন্যা কবিতার মৃত্যু হয়েছিল কয়েক বছর আগে।
জানা গিয়েছে, সোমবার দুপুর তিনটেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা। তিনি নিজের বাড়িতেই ছিলেন ছিলেন। সন্ধ্যায় সাড়ে ৬টায় তাঁর শেষযাত্রা শুরু হয়। পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাও। তাঁদেরই একজন অবতার গিল। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ”আমি এইমাত্র শ্মশান থেকে ফিরেছি। সাড়ে ৬টা নাগাদ শেষকৃত্য হয় ওঁর। উনি আজ দুপুর তিনটে নাগাদ মারা গিয়েছেন। গত তিনদিন ধরেই অসুস্থ ছিলেন। জানা গিয়েছে, ওঁর একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল। ওঁর ছেলে রাহুলই আমাকে ফোন করে বাবার প্রয়াণসংবাদ জানান। দীর্ঘ পঞ্চাশ বছরের সম্পর্ক আমাদের।”

