ইস্টবেঙ্গল – ৮ (বিষ্ণু – হ্যাটট্রিক, জিকসন, খালিদ-আত্মঘাতী, বিপিন, জেসিন-২)
সিআইএসএফ প্রোটেক্টরস – ০
এবারের ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে কলকাতা ডার্বিতে (Kolkata Derby) মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) কাছে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে বড় ব্যবধানে জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal FC)। এই জয়ের ফলে নক-আউটের যোগ্যতা অর্জনের সম্ভাবনা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল। ডার্বি হারের ধাক্কা সরিয়ে ডুরান্ডে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। আট গোলের বড় জয় পিভি বিষ্ণুর বড় অবদান। হ্যাটট্রিক ও দু’টি গোল করিয়ে ম্যাচের সেরা তিনি। দলের চার নম্বর গোলটি শুধু এই ম্যাচ নয়, টুর্নামেন্টের সেরা। সিআইএসএফ প্রোটেকটরসের বিরুদ্ধে 8 গোলের মধ্যে বিষ্ণুর হ্যাটট্রিক, জেসিন টিকের জোড়া গোল। আত্মঘাতী গোল মহম্মদ খালিদের। বাকি দুই গোল জিকসন সিং এবং পরিবর্ত হিসেবে নামা বিপিন সিং-এর। অস্তিত্ব টিকিয়ে রাখতে জয় জরুরি ছিল। পরবর্তী পর্বে যেতে বড় ব্যবধানে জয় জরুরি ছিল। সিআইএসএফ জওয়ানদের বিরুদ্ধে দাপট দেখিয়ে প্রথম থেকেই ইস্টবেঙ্গল নিয়ন্ত্রক। 38 মিনিটে গোলের লকগেট খুলতেই নিয়মিত ব্যবধানে গোল এসেছে ৷ ডুরান্ডে ইতিহাসে 10 গোল দেওয়ার নজির রয়েছে ৷ 1972 সালে বিবি স্টার ক্লাবের বিরুদ্ধে 10 গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে সিআইএসএফ-এর বিরুদ্ধে এই জয় ইস্টবেঙ্গলের দ্বিতীয় সর্ব্বোচ্চ ব্যবধানে জয়। 24 ঘণ্টা পরে ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা বার্ষিকী। তার আগে আট গোলে জয় লাল-হলুদ জনতার এই জয় বাড়তি উন্মাদনা যোগাবে। প্রতিপক্ষ সিআইএসএফ ধারে ভারে পিছিয়ে ৷ তাদের বিরুদ্ধে জয়ের সঙ্গে হাবাস দেখে নিতে চেয়েছিলেন মহম্মদ রশিদ, দানি রামিরেজদের। মিগুয়েল দল ছাড়ার পরে দানি রামিরেজকে নেওয়া হয়েছে ৷ স্পেনের মিডিও ভরসা দিলেন। অনেক বেশি আক্রমনাত্মক এবং গোলের বল বাড়াতে দক্ষ। ফিটনেস বাড়লে প্রতিপক্ষের চিন্তা বাড়বে। তবে ডুরান্ডই নয়, আইএসএলেও ইস্টবেঙ্গলের আস্থার মাপকাঠি হয়ে উঠছেন বিষ্ণু এবং জেসিন টিকে। এডমুন্ডের পাশে উজ্বল জেসিন টিকে। জোড়া গোলের মাপকাঠিতে নয়, মাঠজুড়ে খেলার দাপটে জেসিন ছিল উজ্বল। কলকাতা লিগ থেকে ডুরান্ড, তিনি অনায়াসে প্রথম একাদশে আসবেন। বিষ্ণু গতবছর থেকেই প্রথম একাদশে। এবার আরও পরিণত। দ্বিতীয়ার্ধের শুরুতে সন্দীপ মান্ডির সেন্টার থেকে বাইসাইকেল কিকে গোল করলেন তিনি। যা নিসন্দেহে বিশ্বমানের। 76 মিনিটে তাঁর হ্যাটট্রিক পূরণের গোল। তার আগে জেসিন টিকে এবং মহম্মদ খালিদের আত্মঘাতী গোলে ইস্টবেঙ্গলের বড় জয় নিশ্চিত হয়ে গিয়েছে। বিপিন সিং পরিবর্ত হিসেবে নেমেছিলেন তিনিও লাল-হলুদ গোল উৎসবের শরিক। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ 7 অগস্ট। প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড। 12 অগস্ট এএফসি কাপের ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। তার আগে পুরো দলকে দেখে নেওয়ার সুযোগ পাবেন হাবাস। শুক্রবারের বড় জয় তাঁকে স্বস্তি দেবে। 8 গোলে বড় জয়ের দিনে আরও অন্তত গোটা পাঁচেক গোল নষ্ট হয়েছে ৷ যা থেকে গোল হলে ইস্টবেঙ্গল ডুরান্ড বড় ব্যবধানে নতুন রেকর্ড গড়ত।

