: চোখে কালো কাপড়। মুখে আঙুল। দিল্লি হিংসার বিরুদ্ধে সংসদ ভবন চ্ত্বরে জোর প্রতিবাদ দেখাল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের সাংসদরা। গত সপ্তাহে হিংসার আগুন জ্বলেছে রাজধানী জুড়ে। সাম্প্রদায়িক হানাহানিতে দিল্লিতে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ৪৬ জনের। খালে-নর্দমায় দেহ মিলছে। এখনও থমথমে উত্তর-পূর্ব দিল্লি। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে কয়েক কিলোমিটার দূরেও হিংসার ঘটনা ঘটেছে। সংঘর্ষ রুখতে সম্পূর্ণ ব্যর্থ কেন্দ্রের মোদি সরকার। আর তার চেয়েও বড় বিষয়, প্রবেশ ভর্মা, কপিল মিশ্র এমনকী কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের মতো বিজেপি নেতাদের বিতর্কিত উসকানিমূলক ভাষণের কারণেই যে দিল্লি হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাই, সেবিষয়েও সন্দেহের বিশেষ অবকাশ নেই। সেই ঘটনার তীব্র বিরোধিতা জানিয়েই আজ সংসদ ভবন চত্বরে প্রতিবাদ জানাল তৃণমূল। সংবাদমাধ্যমে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় জানিয়েছেন, ‘দিল্লিতে এতবড় ঘটনা ঘটে গেল, সরকার কিছুই করতে পারল না। সরকারের অন্ধ হয়ে থাকার বিরুদ্ধে আজ আমাদের এই প্রতিবাদ। পুলিশও গোটা ঘটনায় চুপ ছিল। কোনও ব্যবস্থা নেয়নি।’

