স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে করোনা-উদ্বেগের আবহেই জাতীয় লকডাউন ভেঙে বহু লোক নিয়ে জন্মদিন পালন করলেন কর্ণাটকের বিজেপি বিধায়ক। শুক্রবার নিজের শতাধিক সমর্থক-অনুগামীদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করলেন কর্ণাটকের তুরুভেকেরের বিধায়ক এম জয়রাম। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, তুমাকুরু জেলার তুরুভেকেরের বিধায়ক এম জয়রাম নিজের জন্মদিন উপলক্ষে একটি বড়ো চকোলেট কেক কাটছেন। অনেক শিশু সহ শতাধিক লোক উপস্থিত রয়েছে সেখানে। সামাজিক দুরত্বের কোনো বালাই নেই। উপস্থিত অতিথিদের বিরিয়ানিও খাওয়ানো হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিজেপি বিধায়ক। তবে এর আগেও বহু রাজনীতিবিদ এই লকডাউন অমান্য করেছেন।

