বাম প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
আজ নবান্নে বাম প্রতিনিধি দলকে সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন পর এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় প্রমুখ। আর রাজ্য সরকারের পক্ষে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন মুখ্যসচিব রাজীব সিনহা, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বামেদের তরফে একটি স্মারক লিপিও নেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। এছাড়া এই বৈঠকে বামেরা জানান, যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্কের ঘাটতি রয়েছে। তারপর বাড়ছে জিনিসপত্রের দাম। মূল্যবৃদ্ধির বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি তুলে বাম প্রতিনিধিরা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে তাঁদের যদি কোনও সহায়তার দরকার হয়, তারা তো করতে রাজি। রাজ্য সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাঁরা কাজ করতে চান। করোনা নিয়ে রাজ্যকে বাঁচাতে একগুচ্ছ পরামর্শ দিতে নবান্নে এসেছেন বিমান বসু। কদিন আগে ফোন করে ছিলেন নিজে থেকেই। রাজ্যের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। মমতাও সময়ের কার্পন্য করেননি। মঙ্গলবার বিকেলে নবান্নে আসার কথা বলেন তিনি। সূত্রের খবর, সদর্থক আলোচনা হয়েছে বিমান-মমতার মধ্যে। বামেদের দাবি ছিল, পরিযায়ী শ্রমিকদের যথাযথ চিকিৎসা, রেশন নিয়ে কালোবাজারি রোখা, প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ফিভার ক্লিনিকের ব্যবস্থা করা। পাশাপাশি, উদ্ভূত পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকেরও দাবি জানান বিমান বসু।মুখ্যমন্ত্রী বলেন, “বিমান দা, আপনি মাস্ক পরেন না কেন? বয়স হয়েছে আপনার। খুব সাবধানে থাকতে হবে আপনাকে।” মমতার এ কথা শুনে এক গাল হাসি দেন বিমান বসু। মমতা বন্দ্যোধ্যায় তাতেও সন্তুষ্ট নন। তিনি বলেন, “আপনি খুব সাবধানে থাকুন। কোনও অসুবিধা হলে আমাকে জানাবেন।”

