কেরল, পাঞ্জাবের পথেই হাঁটল কংগ্রেস শাসিত রাজস্থানও। সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবিতে শুক্রবার বিধানসভায় প্রস্তাব পেশ করল রাজ্যস্থান সরকার। প্রস্তাবের বিরোধিতা করছেন বিজেপির বিধায়করা। এমনকী বিধানসভায় বাজেট অধিবেশন থেকেও ওয়াকআউট করে বিরোধী দল বিজেপি। গত বছর ডিসেম্বরে সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করেছে কেন্দ্রের মোদি সরকার। তারপর থেকেই সেই আইন ঘিরে প্রবল বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। দেশের মধ্যে প্রথম এই আইনের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পেশ করে কেরলের বাম সরকার। তারপর পাঞ্জাব। এবার প্রস্তাব পেশ করছে রাজস্থান। রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট জানিয়েছিলেন, ‌বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পেশ করবে রাজস্থানের কংগ্রেস সরকার। সংবাদমাধ্যমে পাইলট বলেন, ‘‌কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের আবেদন, আইনটি পুনর্বিবেচনা করুন। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার দেয় সংবিধান। যদি কেউ প্রতিবাদ করেন তাঁকে, গ্রেপ্তার করা হচ্ছে, তাঁদের দেশদ্রোহী বলা হচ্ছে। সিএএ–এর বিরুদ্ধে সমাজের সব স্তরের মানুষেরা পথে নামছেন। বিশেষত যুবসমাজ। সরকারের উচিত তাঁদের কথা শোনা। নতুন আইনের বিরুদ্ধে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করা হয়েছে। শেষ সিদ্ধান্ত সুপ্রিম কোর্টই নেবে।’‌