করোনা নিয়ে গুজব ঠেকাতে তৎপর আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের বিশেষ টিম। জেলাজুড়ে যে গুজব ছড়ানোর জন্য সোশ্যাল সাইটকে যথেষ্ট ব্যবহার করা হচ্ছে, তার প্রমাণ পুলিসের তথ্য থেকেই পাওয়া গিয়েছে। ২৮ মার্চ থেকে ‘সাইবার পেট্রলিং টিম’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা করোনা সংক্রান্ত যাবতীয় তথ্যের উপর নজর রাখছে। জেলার কোনও বাসিন্দা এনিয়ে বিতর্কিত বা ভুয়ো পোস্ট করলেই সংশ্লিষ্ট সংস্থাকে রিপোর্ট করে তা মুছে দিচ্ছে পুলিসের এই বিশেষ টিম। ২৪ ঘণ্টা কর্মরত এই টিম এখনও পর্যন্ত করোনা সংক্রান্ত ৩২টি পোস্টকে মুছে দিয়েছে। তবে পোস্ট ডিলিট করাই নয়, যে বা যাঁরা এই বিতর্কিত পোস্ট করছেন, তাঁদের সতর্কও করা হচ্ছে। বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে গেলে মামলা রুজু করতেও পিছু হটছে না পুলিস। এখনও পর্যন্ত তিনটি মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার হয়েছে দু’জন। এসিপি সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, সাইবার পেট্রলিং টিম ২৪ ঘণ্টাই সোশ্যাল সাইটে ভুয়ো পোস্টের উপর নজর রাখছে। গুজব ছড়ানো পোস্ট মুছে দেওয়ার পাশাপাশি অভিযুক্তকে সতর্কও করা হচ্ছে। প্রয়োজনে মামলাও রুজু করা হচ্ছে।
পুলিসের দাবি, ২৮ মার্চ থেকে ১৫ এপ্রিল সকাল পর্যন্ত মোট ৩২টি পোস্টকে মুছে দেওয়া হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে ভুয়ো পোস্ট, তেমনই রয়েছে ভুয়ো ছবিও।