হক জাফর ইমাম, মালদা: বিভিন্ন কলেজের অতিথি শিক্ষক ও আংশিক সময়ের শিক্ষকদের চাকরির মেয়াদ ৬০ বছর অব্দি করা হবে, রাজ্য সরকার ঘোষণা করেছেন । এই সিদ্ধান্তে বিক্ষোভে ফেটে পড়লেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনের মূল ফটক এবং সিঁড়ি অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন তারা। তাদের দাবি রাজ্য সরকারকে অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অতিথি শিক্ষক এবং সময়ের কলেজ শিক্ষকদের মেয়াদ ৬০ বছর অব্দি করে দেওয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়োগ আইনের রীতিবিরুদ্ধ বলেও তাদের অভিযোগ। এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার প্রকৃত যোগ্যতাসম্পন্ন গবেষকদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে সর্ব বাধা তৈরি করেছেন বলে তাদের দাবি। এই নিয়ে তাদের আন্দোলন তৃতীয় দিনে পড়ল। রাজ্য সরকার অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে এই আন্দোলন লাগাতার চলবে বলে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়ে দিয়েছেন। এ দিনের আন্দোলনে অংশ নেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্নাতকোত্তর বিভাগে গবেষণারত প্রায় সাড়ে ৩০০ জন ছাত্র-ছাত্রী। এই আন্দোলনকে আগামী দিনে সামনে রেখে জনমত গঠনের কাজও করা হবে বলে ওই গবেষকরা জানিয়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *