দোষীরা কেউ ছাড় পাবে নাঃ মুখ্যমন্ত্রী

পুলিশকে মঙ্গলবার আক্রমণের পর বুধবার টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোড এলাকা একেবারে শুনশান। রাস্তায় পুলিশ ছাড়া অন্য কারও টিকি পর্যন্ত দেখা যাচ্ছে না। এলাকা পুলিশে পুলিশে ছয়লাপ। কর্ডন দিয়ে অলি-গলিও বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবারের ঘটনায় ইতিমধ্যে উত্তাল রাজ্য পুলিশ-প্রশাসন। গতকাল বিকেলের ঘটনার পর রাতেই ওই এলাকায় অভিযানে নামে পুলিশ। ঘটনার সিসি টিভি ফুটেজ ও প্রাপ্ত ভিডিও ফুটেজ থেকে দোষীদের সনাক্ত করার কাজ সেরে নিয়েছে হাওড়া সিটি পুলিশ। শুধু অপেক্ষা ছিল ওপর মহলের নির্দেশের। জানা গিয়েছে, ওই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ১০ জনকে। পুরো এলাকা সিল করে দিয়েছে পুলিশ। এখন ওই এলাকায় প্রবেশ ও প্রস্থানের উপর কড়া নজর রাখছে পুলিশ।জানা যাচ্ছে, রাত সাড়ে দশটা-এগারটা নাগাদ প্রায় ৪০টি পুলিশের গাড়ির কনভয় সারিবদ্ধ ভাবে টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডের ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে। আধঘণ্টা ঘটনাস্থলে থেকে পুলিশ বাহিনী বেরিয়ে যায়। তারপর ফের রাত দুটো-আড়াইটে নাগাদ আরও বেশি ফোর্স গিয়ে পৌঁছয় বেলিলিয়াস রোডে। শুর হয় তল্লাশি। অভিযুক্তদের বাড়িতে বাড়িতে গিয়ে তুলে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে খবর, এর আগে সিসি টিভি ও অন্য উৎস থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করেন পুলিশ কর্তারা। তাছাড়া ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে যাঁরা ঘটনার সঙ্গে জড়িত তাঁদের সম্পর্কে তথ্য জেনে নেওয়া হয় এবং ওই রাতেই অভিযুক্তদের আটক করে পুলিশ। অন্যদিকে আজ নবান্নে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, একটা ঘটনা ঘটেছে। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। এটা নিয়ে রাজনীতি করবেন না। টিকিয়াপাড়ার ঘটনায় নাম না করে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিকিয়াপাড়ায় পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় বুধবার কড়া ভাষায় নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি বিজেপি সহ বিরোধী দলগুলিকে কটাক্ষ করে বলেন, করোনা নিয়ে সাহায্যের বদলে রাজনীতি করা হচ্ছে। তিনি বলেন, ‘শকুনের মতো বসে রয়েছে, কখন কেউ মরবে আর এরা ঠুকরে খাবে। একটা ছোট্ট ঘটনা ঘটেছে, তা নিয়ে এত রাজনীতি করার কী আছে? পুলিশ নিজের কাজ করছে। তারা কড়া ব্যবস্থা নেবে। দোষীরা কেউ ছাড় পাবে না। কিন্তু এসব নিয়ে রাজনীতি করা বন্ধ করুন।’