
বাজেট পেশের অনুমোদন দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ্যের মুখ্যসচিব ও অর্থ সচিবের কাছ থেকে বাজেট সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখে বাজেট পেশের অনুমোদন দেন রাজ্যপাল ৷ এই অনুমোদনের ফলে ১০ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ করার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না ৷ গতকাল বাজেট অধিবেশন চলাকালীন রাজ্যের তিনজন প্রিন্সিপাল অ্যাকাউনটেন্টকে রাজভবনে তলব করেন রাজ্যপাল ৷ সেই মতো বিকেলেই রাজভবনে হাজির হন তাঁরা । তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রাজ্যপাল । সূত্রের খবর, বিধানসভা থেকে বেরিয়ে যাওয়ার সময় বাজেট সংক্রান্ত আলোচনা করার জন্য ধনকড় রাজ্যের মুখ্যসচিব ও অর্থ সচিবকেও রাজভবনে ডেকে পাঠান । সেইমতো তাঁরাও রাজভবনে যান । বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে ৷ বৈঠক শেষে সংবাদমাধ্যমের উদ্দেশে বিবৃতি দেওয়া হয় রাজভবনের তরফে ৷ জানানো হয়, “মুখ্যসচিব, অর্থসচিবের কাছ থেকে বাজেটের যাবতীয় নথিপত্র দেখেছেন রাজ্যপাল । তা খতিয়ে দেখেই আগামী ১০ ফেব্রুয়ারি বাজেটের জন্য অনুমোদন দিয়েছেন । তাঁর অনুমোদন দেওয়া বাজেটই পেশ করবেন রাজ্য়ের অর্থমন্ত্রী অমিত মিত্র ।”

