স্থায়ীকরণ ও মাসিক বেতনের দাবিতে রাজ্যের গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী ভিআরপি কর্মীরা নবান্নে চিঠি দিলেন। বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমার ৪০০ ভিআরপি কর্মী স্পিড পোস্টের মাধ্যমে আলাদা আলাদাভাবে দাবিদাওয়া সম্পর্কিত সেই চিঠি দিয়ে তার সূচনা করলেন। রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে এদিন একইভাবে ওই চিঠি দেওয়া হয়েছে। সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের দক্ষিণ ২৪ পরগনা জেলার সম্পাদক দীনেশচন্দ্র হালদার বলেন, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ১০ জন করে ভিআরপি কর্মী রয়েছে। তাঁদের কাজ হল, গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা। সে ব্যাপারে কী কী করণীয় তা নিয়ে পরামর্শ দেওয়া। এজন্য একজন ভিআরপি প্রতিদিন ১৫০ টাকা পান। দীনেশবাবু বলেন, সারা মাসে মাত্র কুড়িদিন কাজ পান। বাকিটা সময় বসে থাকতে হয়। দীর্ঘদিন ধরে এমন চলে আসছে। এর আগে স্থায়ীকরণ ও বেতন বাড়ানোর দাবিতে স্মারকলিপি দিয়েছেন। কিন্তু কাজ হয়নি। সেই কারণে এবার আলাদাভাবে রাজ্যের প্রায় ৩৩ হাজার ভিআরপি কর্মী একই দিনে চিঠি দিলেন।

