এনআরসি ইস্যুতে মোদী-শাহর বক্তব্যের ফারাক নিয়ে প্রবল চর্চার মাঝেই দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে আলোচনা শুরু হল। ‘এনআরসি নিয়ে কোনও আলোচনাই হয়নি’, রবিবার দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রীর এ মন্তব্য ঘিরে তোলপাড় হয়েছে দেশ। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, গোটা দেশে এনআরসি হবে। কে ঠিক বলছেন, এ প্রশ্নেই এখন ঘুরপাক খাচ্ছে দেশ জুড়ে। আর এমন প্রেক্ষাপটেই বুধবার জলপাইগুড়িতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বুধবার বিজেপি রাজ্য সভাপতি বলেন, ”এনআরসির তো প্রশ্নই নেই, এনআরসি কোথায়? আসামে এনআরসি করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এর সঙ্গে সরকার বা দলের কোনও লেনদেন নেই। এখানে নাগরিকত্ব আইন পাস হয়েছে”।

