কলকাতাঃ সূত্রের খবর কলকাতায় ভোট হওয়ার সম্ভাবনা ১৯ এপ্রিল। ওই একই দিনে হতে পারে হাওড়ার পুরভোটও। বাকি ১০০টি পুরসভার ভোট হওয়ার সম্ভাবনা জুন মাসে।
পুরভোটের দিন ঘোষণা না হলেও, ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সমস্ত জেলাশাসকদের নিয়ে বৈঠক সেরে ফেলেছে কমিশন ও রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। খুব শীঘ্রই ভোটের দিন ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন তারা শুধুমাত্র রাজ্য সরকারের চিঠির অপেক্ষায় রয়েছে। রাজ্য সরকার প্রথমে ঠিক করেছিল, ১২ এপ্রিল কলকাতা ও হাওড়ায় পুরভোট করবে। আর ২৬ এপ্রিল বাকি সব পুরসভায় ভোট করা হবে। কিন্তু ১২ এপ্রিল নীলপুজো থাকায় এবং ওই সময় চৈত্র সেল চলায় সেই দিন ভোট না করার জন্য আবেদন জানিয়েছেন বস্ত্র ব্যবসায়ীরা। তাঁরা পয়লা বৈশাখের পরে যে কোনও দিন ভোট করার আবেদন জানিয়েছেন। সেই হিসেবে ১৯ এপ্রিল ভোট করার পক্ষে একটি অংশ। রাজ্য পুর দফতর থেকে ভোটের দিন জানিয়ে চিঠি দিলেই, সর্বদলীয় বৈঠক ডেকে আলোচনার পর বিজ্ঞপ্তি জারি করে ভোটের দিন ঘোষণা করে দেওয়া হবে।

