ভারত: ২৬৮-৭ (কোহলি ৭২, ধোনি ৫৬)
ওয়েস্ট ইন্ডিজ: ১৪৩ (অ্যমব্রিস ৩১, পুরান ২৮)
ভারত রানে ১২৫ জয়ী।

বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জয়ের ধারা অব্যাহত। ওয়েস্ট ইন্ডিজকে ১২৫ রানে হারিয়ে বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। বিরাট, ধোনির হাফ সেঞ্চুরি আর বল হাতে শামি-বুমরাহদের আগুনে পেসের সামনে কার্যত দিশেহারা দেখাল ওয়েস্ট ইন্ডিজকে। বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল গেইলদের। আজ ম্যাঞ্চেস্টারে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। শুরুটা এদিনও বেশ ধীরেসুস্থে করেন রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। তবে, ষষ্ঠ ওভারে বিতর্কিত সিদ্ধান্তের জেরে প্যাভিলিয়নে ফিরতে হয় রোহিত শর্মাকে। ক্রিজে আসেন বিরাট কোহলি। বিরাট এবং রাহুল দু’জনে জুটি বেঁধে দলের স্কোর একশোর কাছাকাছি পৌঁছে দেন। বিরাট ৭২ রানের বুদ্ধিদীপ্ত ইনিংস খেলেন। এর মধ্যে অনবদ্য বিশ্বরেকর্ডও গড়ে ফেলেন তিনি। বিরাট আউট হওয়ার পর ইনিংসের হাল ধরেন ধোনি এবং হার্দিক পাণ্ডিয়া। ধোনি ধীরস্থির মস্তিষ্কে ৫৬ রানের ইনিংস খেলেন। হার্দিক ৩৮ বলে করেন ৪৬ রান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৬৮ রানে শেষ হয় ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দিশা হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজরা। ভারতীয় বোলারদের দাপটের সামনে কার্যত তাসের ঘরের মতোই ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন-আপ। গেইল, হোপ, হোল্ডারদের মতো তারকারা একেবারেই দাঁড়াতে পারেননি। অ্যামব্রিস এবং পুরান কিছুটা লড়াই দিলেও তা নগণ্য। শেষ পর্যন্ত মাত্র ১৪৩ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।ফের ৪ উইকেট দখল করলেন শামি। ২টি করে উইকেট পেলেন বুমরাহ এবং চাহাল।  ভারত জেতে ১২৫ রানে। আজকের জয়ের ফলে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল টিম ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *