শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, নদিয়া, হুগলি, ও দক্ষিণ ২৪ পরগণায়
কলকাতাঃ আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আজ সকাল থেকে হালকা কুয়াশা ছিল কলকাতায় । বেলা বাড়ার সঙ্গে কুয়াশা কেটে যায় । কলকাতায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম। বাতাসে আদ্রতার পরিমাণ সর্বনিম্ন ৬৮ শতাংশ ও সর্বোচ্চ ৯৯ শতাংশ। তবে রাতের দিকে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানিয়েছে আলিপুর। এর পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে। তবে ৩০ তারিখ থেকে ফের কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। তবে রবিবার ২৯ ডিসেম্বরও হাড়কাঁপানো ঠান্ডা থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে বছরের শেষ কয়েকদিন আর বৃষ্টির সম্ভাবনা নেই। বরং রোদঝলমলে পরিষ্কার আকাশই দেখতে পাবেন দক্ষিণবঙ্গবাসী। শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সাধারণত কোনও দিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার থেকে কম হলে সেই দিনকে বলে ‘কোল্ড ডে’। ২৮ এবং ২৯ ডিসেম্বর এই আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। ইতিমধ্যেই শিলাবৃষ্টি হয়েছে শিলিগুড়ি এবং কালিম্পঙের বেশ কিছু এলাকায়। আলিপুর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং-সহ তরাই ও ডুয়ার্সের জেলাগুলিতে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে ঘন কুয়াশার সর্তকতাও দিয়েছে আবহাওয়া অফিস । বছরের শুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমীঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । আজ রাতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, নদিয়া, হুগলি, ও দক্ষিণ ২৪ পরগণায় ।
এক নজরে দেখে নেওয়া যাক আজ কোথায় কত সর্বনিম্ন তাপমাত্রা :
- দার্জিলিং ১.৬ ডিগ্রি সেলসিয়াস
- জলপাইগুড়ি ৪.২ ডিগ্রি সেলসিয়াস
- কালিম্পং ৪ ডিগ্রি সেলসিয়াস
- শিলিগুড়ি ৫ ডিগ্রি সেলসিয়াস
- কোচবিহার ৯.১ ডিগ্রি সেলসিয়াস
- মালদা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস
- বালুরঘাট ৯.২ ডিগ্রি সেলসিয়াস
- আসানসোল ৮.২ ডিগ্রি সেলসিয়াস
- হুগলি ১২ ডিগ্রি সেলসিয়াস
- বাঁকুড়া ৮.৫ ডিগ্রি সেলসিয়াস
- ব্যারাকপুর ১০ ডিগ্রি সেলসিয়াস
- বহরমপুর ১০ ডিগ্রি সেলসিয়াস
- বর্ধমান ৮.৩ ডিগ্রি সেলসিয়াস
- ক্যানিং ১১ ডিগ্রি সেলসিয়াস
- ডায়মন্ড হারবার ১০ ডিগ্রি সেলসিয়াস
- দিঘা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস
- দমদম ১০.৮ ডিগ্রি সেলসিয়াস
- হলদিয়া ১১.১ ডিগ্রি সেলসিয়াস
- কলাইকুণ্ডা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস
- কলকাতা ১১.১ ডিগ্রি সেলসিয়াস
- মেদিনীপুর ৯.৬ ডিগ্রি সেলসিয়াস
- পানাগড় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস
- পুরুলিয়া ৭ ডিগ্রি সেলসিয়াস
- শ্রীনিকেতন ৭.৪ ডিগ্রি সেলসিয়াস
