রাজ্যসভা ভোটে পঞ্চম আসনের জন্য লড়াই জমিয়ে দিলেন ব্যবসায়ী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ। জমা দিলেন মনোনয়ন। শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত সময়ের ৩০ সেকেন্ড আগে দৌড়ে গিয়ে মনোনয়ন জমা দেন জোড়াসাঁকোর প্রাক্তন বিধায়ক। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় খালি হওয়া পাঁচটি আসনে ভোট হবে। ইতিমধ্যে সুব্রত বক্সি, দীনেশ ত্রিবেদী, মৌসম বেনজির নূর ও অর্পিতা ঘোষকে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। বাম-কংগ্রেসের জোট প্রার্থী কলকাতার প্রাক্তন মেয়র তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বুধবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় পঞ্চম আসনে নির্দল প্রার্থীকে সমর্থনের ইঙ্গিত দিয়েছিলেন। সেই ইঙ্গিতই এবার সত্যি হল।