ভাটপাড়া পুরসভায় আরও একবার আস্থাভোটের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামীকাল দুপুরে ওই আস্থাভোট করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি পিপি বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ, আগামীকাল বেলা ১টায় পুর ভবনে আস্থাভোট করতে হবে। সেখানে হাজির থেকে পুরো বিষয়টি তদারকি করবেন উত্তর ২৪ পরগনার জেলা শাসক। আগামী বৃহস্পতিবার জেলা শাসক তাঁর রিপোর্ট হাইকোর্টে জমা দেবেন। উল্লেখ্য, গত সোমবার ভাটপাড়া পুরসভায় অনাস্থা ভোটে ১৯-০ ভোটে জয়ী হয় তৃণমূল। যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। চেয়ারম্যানের বিরুদ্ধে যে তিন তৃণমূল কাউন্সিলারের আনা অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে জয় পেয়েছিল তৃণমূল, সেই নোটিসই খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহা। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল তৃণমূল।

