কেন্দ্রীয় সরকার কয়েক দিন আগেই জানিয়েছিল, লকডাউনের মধ্যেই বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানোর কাজ শুরু হবে। সে ব্যাপারে রাজ্যগুলিকে নোডাল বডি গঠন করা থেকে অন্যান্য কী কী করতে হবে তাও গাইডলাইনে উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা ভিডিও কনফারেন্সে করেন সমস্ত রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে। এর পরে আজ বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বলেন, “আমরা কেন্দ্রকে বলেছি, এই বিষয়টা নিয়ে যাতে তাড়াহুড়ো না করা হয়। তাতে এত দিন যে মানুষ কষ্ট করে লকডাউন পালন করল, সে সবটাই বিফলে যাবে। নির্দিষ্ট পরিকল্পনা করে সবটা করতে হবে।”

