দিল্লির ঘটনায় পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন। শনিবার তিনি শান্তিনিকেতনে প্রতীচী ইনস্টিটিউটের বার্ষিক আলোচনাসভায় অংশ নেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‌’‌আমি ভারতবাসী এটা আমার গর্ব, কিন্তু দিল্লির ঘটনায় আমরা লজ্জিত। সংখ্যালঘুদের ওপর সেখানে অত্যাচার করা হয়েছে। যাঁরা মারা গেছেন তাঁদের বেশিরভাগ সংখ্যালঘু। দিল্লির ঘটনায় পুলিশ ব্যর্থ, থামাতে পারেনি অথবা থামাতে দেওয়া হয়নি। দিল্লি আমাদের দেশের রাজধানী, সেখানে ধর্মনিরপেক্ষ দেশের হিন্দুরা থাকবে, মুসলমানরা থাকবে না এটা হতে পারে না। ভারতবাসী হিসেবে চিন্তাভাবনা করার দিন এসেছে আমাদের, চিন্তাভাবনা করতে হবে। বিরোধিতা করা মানেই দেশের শত্রুতা করা নয়। বিরোধী মত না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে। আমাদের দেশের গণতন্ত্র যাই যাই না হলেও সঙ্কটের মুখে দাঁড়িয়েছে।’  একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলগুলির আর্থিক বৈষম্যের বিষয়টি নিয়েও চিন্তাভাবনা করা দরকার। মনে রাখতে হবে নির্বাচনে এই রাজনৈতিক দলগুলি অংশ নেয়। বিশ্বভারতীর বাংলাদেশি ছাত্রীকে কেন্দ্রীয় সরকারের দেশ ছাড়ার নির্দেশ তিনি মানতে পারছেন না। এ প্রসঙ্গে বলেন, ‘‌খবরের কাগজে যেটা দেখেছি তাতে ওই ছাত্রী বিরোধীদের একটি ছবি ইন্টারনেটে পোস্ট করেছিলেন, সেই অপরাধে যদি দেশ ছাড়তে হয় সেটা খুব লজ্জার। তবে এ ব্যাপারে বিস্তারিত না জেনে আমি কোনও মতামত দিতে পারব না।’‌