মালদা, হক জাফর ইমামঃ লরির ধাক্কায় মৃত্যু হল শিশু সহ দুই ব্যক্তির। এলাকায় উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গাজোলের পাণ্ডুয়া সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকায়। মৃত দুই ব্যক্তির নাম সুবোধ মণ্ডল (৫৫) ও সামিউল হক। মৃত শিশুকন্যার নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাজোলের পাণ্ডুয়া সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে দ্রুত গতিতে ছুটে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোতে ধাক্কা মারে ও পরে এক সাইকেল আরোহীকে পিষে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহীর। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে অটো চালক ও শিশুযাত্রীকে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর ক্ষিপ্ত জনতা ওই এলাকার ট্রাফিক ব্যবস্থার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে দেন গ্রামবাসীরা। এদিকে, কালিয়াচক থানার পুলিশ ঘাতক লরি ও চালককে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *