
নয়াদিল্লিঃ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা বর্ষবরণের রাতে তাঁরা সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরোধিতায় অভিনবত্ব এনেছেন। কোনওরকম হিংসা বা প্ররোচনা নয়, প্রতিবাদের ভাষা দেশপ্রেম। জাতীয় সঙ্গীত গেয়ে, ভারত মাতার জয়গান করে বর্ষবরণ করেছে জামিয়া মিলিয়া। জামিয়া-সহ গোটা দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পরিকল্পনা করেছিলেন, বর্ষবরণের রাতে গোটা বিশ্বকে বুঝিয়ে দিতে, ভারতে সংখ্যালঘুদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। পূর্ব পরিকল্পনা মতোই সন্ধের পর থেকে জামিয়াতে জড়ো হতে থাকেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় চত্বরে শ’য়ে শ’য়ে পড়ুয়ার উপস্থিতিতে শোনা যায় ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি। গাওয়া হয় জাতীয় সঙ্গীত। আর সেই সঙ্গে পড়ুয়াদের দীর্ঘদিনের পুরনো সেই আজাদির স্লোগান। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে গোটা জামিয়া এলাকায় প্রতিধ্বনিত হচ্ছিল, ‘মোদি-শাহ সে আজাদি… তানাশাহ সে আজাদি’। শুধু জামিয়া নয়, দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে একইভাবে প্রতিবাদ করা হল সংশোধিত নাগরিকত্ব বিলের।

