দিল্লি রোড সংলগ্ন হুগলির সুগন্ধা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল পুলকার। ঘটনাটি ঘটেছে পোলবার অ্যারেঙ্গা ও কামদেবপুরের মাঝে। পড়ুয়াদের নিয়ে শ্রীরামপুর থেকে চুঁচুড়ার দিকে যাচ্ছিল গাড়িটি। দুর্ঘটনার সময় ওই গাড়িতে ছিল প্রায় ১৩ জন পড়ুয়া। গাড়ির চালকের দাবি, পিছন থেকে পুলকারটিতে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় পুলকারটি। সেই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিল আবগারি দপ্তরের একটি গাড়ি। সেটিতে থাকা আধিকারিকরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। সাহায্য করেন স্থানীয় বাসিন্দারাও। আহত অবস্থায় চারজন পড়ুয়াকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, জখমদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই দুর্ঘটনায় আহত দুই ছাত্রকে গ্রিন করিডোর দিয়ে ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়েছে। জখমরা হলেন, ঋষভ সিং এবং দীপ্তাংশু ভগত। জানা গিয়েছে, ঋষভ শ্রীরামপুর পুরসভার কাউন্সিলর পাপ্পু সিংয়ের ছেলে। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়ার ইমামবড়া হাসপাতালে ভর্তি রয়েছে অমরজিৎ সাহা। তার বাড়ি বৈদ্যবাটি এলাকায়।