কলকাতায় বেআইনি অস্ত্র পাচার রুখে দিল পুলিশ। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে বাবুঘাট এলাকা থেকে দুই অভিযুক্তকে অস্ত্র-সহ গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করে এই অভিযানে যুক্ত আরও একজনের খোঁজ পায় ময়দান থানার পুলিশ। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। ময়দান থানার পুলিশ জানিয়েছে, গোপন সূত্র মারফৎ খবর পাওয়ার পর পুলিশের একটি দল স্ট্র্যান্ড রোডে বাবুঘাট বাস স্ট্যান্ডে নজরদারি চালায়। এরপরই সকাল সাড়ে ৬টা নাগাদ পুলিশের জালে ধরা পড়ে অস্ত্র-সহ দুই সন্দেহভাজন। বছর তেইশের শাহরুখ মিস্ত্রি ও ৩৭ বছরের ইয়াসমিন বেগমকে ইডেন গার্ডেন রেল স্টেশনের টিকিট কাউন্টার থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোট ৬টি ৯এমএম পিস্তল ও ১২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানাচ্ছে, শাহরুখ বসিরহাট এবং ইয়াসমিন বারুইপুরের বাসিন্দা। জেরায় দুই অভিযুক্ত জানিয়েছে, অস্ত্রগুলি নিয়ে বিহারের ভাগলপুর থেকে বারুইপুর যাচ্ছিল তারা।