banganews.net

পুরীতে জগন্নাথদেবের রথযাত্রায় পুণ্যার্থীদের ঢল, তার মাঝেই পুরীতে বিরাট বিপর্যয় ৷ রথযাত্রা চলাকালীন বহু মানুষ পদপিষ্ট হয়েছেন বলে খবর। প্রশাসন জানায়, অন্তত দুই শতাধিক জনেরও বেশি ভক্ত পদপিষ্ট হয়েছেন ৷ ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দু’জনের ৷ বৃহস্পতিবার দুপুর ২টোর দিকে পুরীর মরিচিকোট চকের কাছে অত্য়ধিক ভিড়ের কারণে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্ট হয় ৷ তখনই ঘটে যায় দুর্ঘটনা ৷ ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার পুরীর গ্র্যান্ড রোডে রথযাত্রা উপলক্ষে ভক্তদের বিপুল সমাগম হয় ৷ অত্যধিক ভিড়ের চাপে জ্ঞান হারা ২জন ৷ দ্রুত পুরী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃত দুই ভক্তের মধ্যে একজন কটক জেলার সিরলোগ্রামের বাসিন্দা ৷ ৩৫ বছর বয়সি অনিল দাস ভিড়ের কারণে অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। অনিল দাসের পাশাপাশি আরও এক ভক্তের মৃত্যু হয়েছে ৷ তবে প্রশাসন এখনও সরকারিভাবে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ইতিমধ্যেই এনিয়ে একটি নির্দেশ দিয়েছেন ৷ তিনি জানান, পুরীতে পদপিষ্টের কারণে দুই ভক্তের মৃত্যু হয়েছে ৷ প্রকৃত তথ্য উদঘাটন করতে তিনি স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিংকে নির্দেশ দিয়েছেন।

জানা গিয়েছে, এদিন রথযাত্রার শুরুতেই জগন্নাথদেবের রথের রশি টানতে গিয়ে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি আরম্ভ হয়। তারপরই প্রবল বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং পদপিষ্ট হন ভক্তরা। শয়ে শয়ে মানুষের দমবন্ধ হয়ে আসার মতো পরিস্থিতির মুখে পড়েন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেয় পুলিশ ৷ এদিন বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা ও আঘাতের জন্য প্রায় ২০০ জনেরও বেশি রোগী পুরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিন পুণ্যার্থীদের বিপুল জনসমাগমের কারণে কিছু জায়গায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে পদপিষ্টের পরিস্থিতি সৃষ্টি হয়। বর্তমানে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ আধিকারিক থেকে ভলান্টিয়াররা ৷ তবে, এই বিশৃঙ্খল পরিস্থিতি কেন সৃষ্টি হল ? কারণ কোনও প্রকার দুর্ঘটনা এড়াতে রথযাত্রা উপলক্ষে চারিদিকে নিরাপত্তা থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া ছিল ৷ এনিয়ে প্রশাসনের তরফেও কিছু জানানো হয়নি ৷ তাই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে ভক্তদের একাংশ ৷