banganews.net

নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বড়সড় পদক্ষেপ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৷ একসঙ্গে সংস্থার 47 জন আধিকারিককে বরখাস্ত করা হল ৷ নিট পরীক্ষার আয়োজনের দায়িত্বে আছে এই সংস্থাই ৷ শুধু এই 47 জনকে বরাখাস্ত করার মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছে এনটিএ ৷ এমনিতেই 2024 সালের পর 2026 সালেও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় উত্তাল দেশ ৷ দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভে সামিল হয়েছে সিজেপি থেকে শুরু করে অন্য কয়েকটি সংগঠন ৷ তাদের একটাই দাবি পদ ছাড়তে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ৷ কিন্তু এখনও এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি ৷ আর সেই কারণেই বিরোধী দল থেকে শুরু করে আন্দোলনকারীদের কড়া সমালোচনার মুখে পড়েছে এনডিএ সরকার ৷সকলের একটাই প্রশ্ন, নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় কেন ধর্মেন্দ্রকে সরানো হচ্ছে না ৷ কেন তাঁকে আড়াল করতে চাইছে কেন্দ্রীয় সরকার ৷ শুক্রবার দুপুরের দিকে সিজেপির দুই নেতার সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং আরও এক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷ নাড্ডা বলেন, “আমার সঙ্গে ভারত সরকারের মন্ত্রী জিতেন্দ্র সিংও বৈঠকে উপস্থিত ছিলেন ৷ ইতিবাচক পরিবেশে আলোচনা হয়েছে ৷ তাদের তিনটি দাবি ছিল আর পাঁচটি পরামর্শ ছিল ৷ আমি আন্দোলনকারীদের বলেছি আগামিকাল আবার বৈঠক হবে ৷ “তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি থেকে তাঁরা সরছেন না ৷ দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি সিজেপির অন্যতম প্রধান মুখপাত্র সৌরভ দাস ৷ পাশাপাশি নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যাঁরা নিজেদের শেষ করে দিয়েছেন সেই সমস্ত পরিবারকে 1 কোটি টাকা করে আর্থিক সাহায্যের দাবিও পেশ করা হয়েছে ৷ এমনিতেই নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রবল চাপের মুখে কেন্দ্রের এনডিএ সরকার ৷ শুক্রবার প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপের জন্য তড়িঘড়ি খসড়া বিল অনুমোদন করেছে ক্যাবিনেট ৷ সরকারি সূত্রের খবর, দোষীদের কঠোর সাজা ছাড়াও প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার দায়ে দশ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান থাকছে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত এই বিলে ৷ এই তৎপরতার মধ্যেই জানা গেল এনটিএ-র 47 জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে ৷