বারুইপুরে ১১ বছরের শিশুকন্যাকে ধর্ষণ-খুনের ঘটনার রেশ এখনও কাটেনি, এরইমধ্যেই এবার সামনে এল আরও এক ন্যক্কারজনক যৌন নির্যাতনের অভিযোগ। একেবারে খাস কলকাতার লেকটাউনে। মাত্র ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন মামার বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় ওই শিশুকে আরজি কর হাসপাতালে ভর্তি করলে, সেখানেই চিকিৎসকদের চোখে পড়ে যৌন নির্যাতনের লক্ষণ। খবর পেয়ে জিরো এফআইআর দায়ের করে লেকটাউন থানায় স্থানান্তরিত করে টালা থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পরই শিশুকন্যার অভিযুক্ত মামাকে গ্রেফতার করা হয়েছে। সূত্রে খবর, বিধাননগর পুলিশ কমিশনারেটের দক্ষিণদাঁড়ি এলাকার বাসিন্দা ওই শিশুকন্যা বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য আরজি কর হাসপাতালে নিয়ে যান। সেখানেই স্বাস্থ্যপরীক্ষার সময় যৌন নির্যাতনের চিহ্ন ধরা পড়ে। চিকিৎসকদের তরফে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাসপাতালের পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে টালা থানার পুলিশ একটি জিরো এফআইআর দায়ের করে, যাতে যুক্ত হয় পকসো ধারা। সেখান থেকে নথিপত্র পাঠানো হয় লেক টাউন থানায়। শিশুটি বর্তমানে আরজি কর হাসপাতালেই চিকিৎসাধীন। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালের রিপোর্ট হাতে এলে তদন্ত আরও এগোবে।

