দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা । মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধসে পড়া বাড়ির কিছু অংশ পাশের একটি কাঠামোর উপর গিয়ে পড়ে যেখানে মেডিক্যাল শিক্ষার্থীদের একটি খাবারঘর ছিল। ফলে একাধিক মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন। সকালেও চলছে উদ্ধারকাজ। স্থানীয়রা বলছেন, বাড়িটি ঝুঁকিপূর্ণ অবস্থায় নির্মাণ করা হচ্ছিল কিন্তু প্রশাসনের তরফে কিছুই করা হয়নি। যদি তারা এদিকে নজর দিত তাহলে এই দুর্ঘটনা ঘটত না। আহতদের একাধিকের অবস্থা যথেষ্ট আশঙ্কজনক। বহুতল ভেঙে পড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মেহরৌলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, দমকল বিভাগ এবং দিল্লি পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

