গণধর্ষণের পরে খুন করা হয়েছে এক নাবালিকাকে বলে অভিযোগ। খুনের পরে ওই নাবালিকার দেহ ফেলে দেওয়া হয় খোলা মাঠে। হাড়হিম করা এই ঘটনা ঘটেছে খোদ দিল্লির বুকে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চার জনকে। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে তিন জন নাবালক। গত ১৩ সেপ্টেম্বর কুশক রোডে জয়পাল রানার মাঠের কাছ থেকে উদ্ধার হয় এক নাবালিকার ক্ষতবিক্ষত দেহ। এর পরেই এই নিয়ে তদন্ত শুরু হয়। ওই এলাকার বিভিন্ন CCTV ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হয়। তাতেই একটি টেম্পোকে সন্দেহজনক ভাবে যেতে দেখা যায়। ওই টেম্পোর সূত্র ধরেই এই খুনের কিনারা করা গিয়েছে। বুধবার রাতে, স্বরূপনগর এলাকার খাদ্দা কলোনিতে ওই টেম্পোকে দেখা যায়। ওই টেম্পোকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয় চালককে। তার সূত্র ধরেই অভিযুক্ত শিবম-সহ চার জনের খোঁজ পায় পুলিশ। খাদ্দা কলোনি এলাকা থেকেই গ্রেপ্তার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে, ওই নাবালিকা এবং অভিযুক্তরা একে অপরকে চিনত। সেই ওই নাবালক-সহ চার জনের সঙ্গে টেম্পোতে গিয়েছিল। সেখানে এক সঙ্গে মদ্যপানও করে তারা। এর পরেই সেখানে ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয়। পরে তাকে কুপিয়ে খুনের পরে দেহ ফেলে দিয়ে আসা হয়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই নাবালিকা নিখোঁজ থাকলেও এই নিয়ে কোনও অভিযোগ জানানো হয়নি তার পরিবারের তরফে। পরিবারের লোকজন পুলিশকে জানান যে সে প্রায়দিনই একাই ঘর থেকে চলে যেত। তার কয়েক দিন পরে ফিরেও আসত। ওই খুনে ব্যবহৃত ছুরিটি উদ্ধার হয়েছে। কী কারণে ওই নাবালিকাকে খুন করা হয় তা জানার জন্য তদন্ত চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা।