বিএসএফের ক্ষমতা বৃদ্ধি বিরোধী বিল নিয়ে আলোচনা চলাকালীন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিধায়ক উদয়ন গুহ। বুধবার সাংবাদিক বৈঠক করে ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন বিএসএফের এডিজি ওয়াই বি খুরানিয়া। বিধায়কের মন্তব্য ‘দুর্ভাগ্যজনক’ বলেই দাবি করলেন তিনি। মঙ্গলবারই রাজ্য বিধানসভায় পাশ হয়েছে বিএসএফের কাজের পরিধি বৃদ্ধি বিরোধী প্রস্তাব। সেই প্রস্তাব নিয়ে আলোচনার সময় উদয়ন গুহ বলেন, ‘বিএসএফের অত্যাচার যারা চোখে দেখেনি তারা বিশ্বাস করতে পারবে না। সীমান্তবর্তী এলাকার মানুষকে জিজ্ঞাসা করুন। বিএসএফ সম্পর্কে বুঝে যাবেন। বিএসএফের এক্তিয়ার বাড়িয়ে দিয়ে আসলে রাজ্যে দ্বৈত শাসন প্রক্রিয়া চালানোর চেষ্টা করছে বিজেপি। এরপরই বিতর্কিত মন্তব্যটি করে বসেন তিনি। উদয়ন গুহ আরও বলেন, ‘তল্লাশির নামে ৮-১০ বছরের ছেলের সামনে যখন বাবাকে কান ধরে ওঠবস করানো হয়, মায়ের গোপন জায়াগায় হাত দেওয়া হয়। তখন ওই ছেলে দেশপ্রেমিক হতে পারে না। ওর কানের কাছে যতই ‘ভারত মাতা কি জয়’ বলা হোক, সে কিন্তু দেশপ্রেমিক হবে না।’ বিধায়কের এই মন্তব্য নিয়ে শোরগোল শুরু হয়েছে। বুধবার বিএসএফের এডিজি ওয়াই বি খুরানিয়া বিধায়কের অভিযোগ খারিজ করে দেন। তিনি বলেন, ‘বিএসফের বিরুদ্ধে ওঠা অভিযোগ দুর্ভাগ্যজনক। বিএসএফে চার হাজারেরও বেশি মহিলা জওয়ান রয়েছেন। এমন কোনও অভিযোগ উঠলে তা তদন্ত করে দেখা হবে এবং অভিযোগ প্রমাণ হলে কঠোরতম পদক্ষেপ করা হয়।।’

এক নজরে বিএসএফ কর্তার বক্তব্য:
🔴 বিএসএফের কেবল এক্তিয়ার বাড়ানো হয়েছে, ক্ষমতা নয়।
🔴 বিএসএফের ক্ষমতা সীমীত।
🔴 বিএসএফের কাজ অনুপ্রবেশ রোখা।
🔴 বিএসএফ কোনও তদন্তকারী সংস্থা নয়।
🔴 রাজ্য পুলিশের সঙ্গে সুসম্পর্ক রয়েছে বিএসএফের।
🔴 পুলিশ ও বিএসএফ একসঙ্গে অভিযানও চালায়।
🔴 যে অভিযোগ উঠেছে, সেটি সত্যিই দুর্ভাগ্যজনক। এই ধরনের কোনও অভিযোগ উঠলে তা খতিয়ে দেখা হয়, এবং অভিযোগ প্রমাণ হলে কঠোরতম পদক্ষেপ করা হয়।
🔴 এফআইআর দায়ের করার অধিকার নেই বিএসএফের।
🔴 তদন্তে কোনও প্রকার হস্তক্ষেপ করবে না বিএসএফ।